ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ মঙ্গলবার (১৪ মে) ৩৪ পেরিয়ে ৩৫ বছরে পা দিয়েছেন। তিনি বর্তমানে গোপনীয়তা এবং ভুয়া সংবাদ নিয়ে বাড়তি সমালোচনার মধ্যদিয়ে জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছেন।
সময় খারাপ গেলেও ব্যক্তিগত আয়ের দিক থেকে শীর্ষস্থানীয় ব্যক্তিদের তালিকায় পোক্ত অবস্থানেই রয়েছেন জুকারবার্গ। ৩৪ বছর বয়সী ফেসবুক প্রধানের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।
সেই হিসেবে জন্মের পর থেকে তার প্রতিদিনের গড় আয় দাঁড়ায় ৫৯.৭ লাখ ডলার। দৈনিক গড় আয়ের দিক থেকে তার ওপরে রয়েছেন শুধু অ্যামাজন প্রধান জেফ বেজোস। বেজোসের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। সেক্ষেত্রে অ্যামাজন প্রধানের দৈনিক গড় আয় প্রায় ৬৮ লাখ ডলার। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।
আর অন্য উদ্যোক্তাদের মধ্যে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও তরুণ বয়সে ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৭ সালে সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার হন তিনি। প্রথম শতকোটি মার্কিন ডলার আয়ের সময় তার বয়স ছিল ৩১ বছর। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ৬২ বছর বয়সী গেটস এখন মানবপ্রীতির দিকে মনোযোগ দিয়েছেন। এ বয়সে এসে তার দৈনিক গড় আয় প্রায় ৪০ লাখ ডলার।
উল্লেখ্য, ফেইসবুকের প্রধান নির্বাহী জুকারবার্গ এবং তার কয়েকজন সহপাঠী মিলে ২০০৪ সালে ফেইসবুকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।









